বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। নির্বাচনী প্রক্রিয়া স্থগিত চেয়ে করা রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি করেন। আদালত বলেন, তারা বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি রিট আবেদন করেন।
পরে ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আদালত স্পষ্ট করেছেন যে বিসিবি নির্বাচনে তারা কোনো হস্তক্ষেপ করবেন না।
এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দাখিল করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ মোট ১২ জন এই রিট করেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট।
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।