লিটনের সেঞ্চুরিতে ভর করেও ২৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম ইনিংসে পেসারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। উইকেটে নতুন বলে খুররাম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসের সুইং ও গতি সামলাতে হিমশিম খায় বাংলাদেশের টপ অর্ডার। ফলে বড় ইনিংস গড়তে পারেননি একাধিক ব্যাটার।
ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই জীবন পান জয়, তবে দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি। এরপর তানজিদ ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। তানজিদ ২৬ রান করে বিদায় নিলে ভাঙে ৪৪ রানের জুটি।
মুমিনুল দ্রুত আউট হওয়ার পর অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম ইনিংস মেরামতের চেষ্টা করেন। শান্ত সেট হয়ে গেলেও ভুল শটে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ২৯ রানে। অন্য প্রান্তে মুশফিকও থিতু হতে পারেননি, ২৩ রান করে তিনি লেগ বিফোরের ফাঁদে পড়েন।
মাঝের ও শেষের দিকেও ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। মেহেদী হাসান মিরাজ মাত্র ৪ রান করে আউট হলে দল ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
এমন পরিস্থিতিতে একাই লড়াই চালিয়ে যান লিটন দাস। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিং মিলিয়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ১৩৫ বল খেলে শতক পূর্ণ করেন তিনি। তার সঙ্গে অল্প সময়ের জন্য তাইজুল ইসলাম প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে খুব বেশি সহায়তা পাননি লিটন।
শেষ পর্যন্ত লিটনের ১২৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৭৭ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে।