বোলিং তোপে পাকিস্তান ধস, ৪৬ রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের দাপটে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পেয়েছে টাইগাররা।
এর আগে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়। জবাবে প্রথম দিন বিনা উইকেটে ২১ রান করেছিল পাকিস্তান।
রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে তিনি পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল (৯) ও আজান আওয়াইসকে (১৩) ফেরান।
এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ৩৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে মেহেদী হাসান মিরাজ দ্রুত দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন। শান মাসুদ ২১ এবং সৌদ শাকিল ৮ রানে ফিরে যান।
পরে বাবর আজম ও সালমান আঘা ৬৩ রানের জুটি গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি বাবর। ৮৪ বলে ৬৮ রান করে তিনি নাহিদ রানার শিকার হন।
এরপর দ্রুতই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। তাইজুল ইসলাম ও নাহিদ রানা মিলে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। রিজওয়ান ১৩ ও হাসান আলী ৬ রান করে ফিরলে চাপ আরও বাড়ে।
শেষ দিকে সাজিদ খান ৩৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল ব্যবধান কমাতে সাহায্য করে। ৫৭ ওভার ৪ বলে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন, তাসকিন ও মিরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।