একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানির তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে, সংশ্লিষ্ট বেঞ্চের এক বিচারপতি ব্যক্তিগত কারণে শুনানি নিতে অপারগতা প্রকাশ করেন। পরে রিটটি কার্যতালিকা (আউট অব লিস্ট) থেকে বাদ দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, রিটকারী মনিরা শারমিন ও সংশ্লিষ্ট বিচারপতির গ্রামের বাড়ি একই এলাকায় হওয়ায় বিচারপতি নৈতিক কারণে নিজেকে এ মামলার শুনানি থেকে বিরত রাখেন।
এ সময় আদালত রিটকারী পক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, বিষয়টি আগে জানানো হলে আগেই সিদ্ধান্ত নেওয়া যেত। যেহেতু ব্যক্তিগত সংযোগ রয়েছে, তাই নিরপেক্ষতা বজায় রাখতে তিনি শুনানিতে অংশ নিতে চান না।
পরে জানা যায়, অন্য একটি হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হলে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে। কারণ হিসেবে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে নির্বাচন কমিশনে আপিল করেও ব্যর্থ হন তিনি। পরে হাইকোর্টে রিট আবেদন করেন।