প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক দেখা দিয়েছে। সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
প্রাথমিক ও চলমান গণনা অনুযায়ী বিজেপি ১৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০৪টি আসনে এগিয়ে রয়েছে। এই তথ্য ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির সর্বশেষ আপডেটের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
এছাড়া কংগ্রেস একটি এবং বাম জোট একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। আজ সোমবার ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় সেখানে আগামী ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে চূড়ান্ত ফলাফলের দিকেই এখন নজর সবার।
এদিকে ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বিজেপি ১০৪টি এবং তৃণমূল কংগ্রেস ৬০টি আসনে এগিয়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ফলাফলে পরিবর্তন হচ্ছে।
সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। রাজ্যজুড়ে ৭৭টি গণনাকেন্দ্রে ভোট গণনা চলছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম ভোট গণনা করা হচ্ছে।
এই নির্বাচনের প্রথম দফা ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রথম দফার এলাকাগুলোকে বিজেপির শক্ত ঘাঁটি এবং দ্বিতীয় দফার এলাকাগুলোকে তৃণমূলের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া আজ একই সঙ্গে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হচ্ছে।