নবীনগরে সন্ত্রাসী হামলায় অটোরিকশা চালক গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় হৃদয় মিয়া নামে এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল প্রায় ১১টার দিকে পৌর এলাকার পাড়ারা জমিদার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আহত হৃদয় মিয়া উপজেলার নরসিংহপুর গ্রামের বাসিন্দা রহিছ মিয়ার ছেলে। হামলার পর তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে কাজে বের হন হৃদয়। এ সময় কলেজপাড়া এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা যাত্রী সেজে অটোরিকশায় ওঠে এবং চালের বস্তা পরিবহনের কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবীনগর থানার তদন্ত পরিদর্শক রাজীব কান্তি নাথ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।