মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে 'মানহানিকর' মন্তব্য করার অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আদালত তাঁকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছিল। সেই পরোয়ানা জারির প্রেক্ষিতেই আইনি সুরক্ষা পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হন এই সংসদ সদস্য।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য প্রদান করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যের রেশ ধরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগের আলোচনায় মুফতি আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।

এই মন্তব্যের জেরে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির বাদী হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর দাবি ছিল, একজন বীর মুক্তিযোদ্ধাকে ‘নাস্তিক’ বলে মুফতি আমির হামজা অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

আজকের এই জামিন আদেশের ফলে মুফতি আমির হামজার গ্রেফতারে সাময়িক আইনি বাধা কাটল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন