উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই কাল মাঠে গড়াবে আইপিএলের নতুন আসর

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৯তম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে। ১০ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
গত আসরে শিরোপা জিতেছিল ব্যাঙ্গালুরু। আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে তারা পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ঘরে তোলে।
নতুন মৌসুম শুরুর আগে ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানায় পরিবর্তন এসেছে। বড় অঙ্কের বিনিয়োগে ব্যাঙ্গালুরুর মালিকানা কিনেছে একটি ব্যবসায়ী জোট। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারীরা রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিকানা গ্রহণ করেছে।
গত আসরে ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব ছাড়াও প্লে-অফে খেলেছিল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, লক্ষ্মৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস প্লে-অফে উঠতে ব্যর্থ হয়। এবার তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে গত বছরের এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে ফাইনালের দিন ৩১ মে জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এবারের আসরে একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। তবে পিঠের ইনজুরির কারণে তিনি শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশান।
এদিকে দলবদলের অংশ হিসেবে সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। রাজস্থান রয়্যালসের নেতৃত্বে এবার দেখা যাবে রায়ান পরাগকে।
এবারের আইপিএলে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস।
প্রতিটি দল নিজেদের গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে এবং অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে দুইবার করে খেলবে।
লিগ পর্বের ম্যাচগুলো দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মুম্বাই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, কলকাতা, লক্ষ্মৌ, গুয়াহাটি, হায়দরাবাদ, মুল্লানপুর, বিশাখাপত্তনম, ধর্মশালা, জয়পুর ও রায়পুরে ম্যাচগুলো আয়োজন করা হবে।
নতুন মৌসুমের আইপিএল নিয়ে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।