মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ফরিদগঞ্জে রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদগঞ্জে রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রুবেল হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজারে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। একই সময়ে শিশুটির বাড়ির সামনে নারীরাও পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত রুবেলের বাবা আব্দুল কাদের, মা পরান বেগম, ইউপি সদস্য আবু সাদেকসহ স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম খান, মোশারফ হোসেন বতু, রহমত উল্ল্যা তালুকদার, জাহাঙ্গীর খান ও তুহিন হাসান চৌধুরী।

বক্তারা বলেন, একটি আট বছরের শিশুর কোনো শত্রু থাকার কথা নয়। রুবেল মাদ্রাসার বোর্ডিংয়ে থাকলেও মাহে রমজান উপলক্ষে বাড়িতে এসেছিল। গত ১০ মার্চ তারাবিহ নামাজ পড়তে গিয়ে সে নিখোঁজ হয় এবং কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

এতদিন পার হলেও পুলিশ হত্যার কারণ উদঘাটন বা কাউকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিশুরা ভয়ে ভয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে বলেও জানান তারা।

নিহতের পরিবার জানায়, রুবেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তার এমন নির্মম মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “শিশু রুবেল হত্যার ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।"

উল্লেখ্য, ১০ মার্চ ইফতারের পর তারাবিহ নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ হয় রুবেল। পরে রাতেই বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন