বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির আহ্বান

    আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন বলে প্রচলিত রয়েছে।

    মহানবী (সা.)-এর আগমনের আগে আরব সমাজে অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও নানা অনাচার ব্যাপকভাবে বিস্তৃত ছিল। সেই সময়কে ইতিহাসে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ হিসেবে উল্লেখ করা হয়।

    মানুষকে অন্ধকার ও অন্যায় থেকে আলোর পথে নিয়ে আসতে মহান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে প্রেরণ করেন। তাঁর জীবন ও কর্মে সততা, ন্যায়বিচার, মানবিকতা, সহনশীলতা, ক্ষমা ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রয়েছে।

    শৈশব থেকেই মহানবী (সা.) আল্লাহর প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। তিনি প্রায়ই মক্কার হেরা গুহায় নির্জনে অবস্থান ও ধ্যান করতেন। ২৫ বছর বয়সে হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন।

    মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা মুসলমানদের জন্য অনুসরণীয় আদর্শ। পবিত্র কোরআন ও তাঁর সুন্নাহর মাধ্যমে মানুষের পার্থিব ও পরকালীন কল্যাণের পথনির্দেশনা দেওয়া হয়েছে।

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সরকারি ছুটি। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে।

    ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচি মঙ্গলবার বাদ মাগরিব শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। অন্যদিকে, আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে মেহফিলে ইশক রাসুল (সা.) ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।

    মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মুসলিম সম্প্রদায় পবিত্র দিনটি পালন করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন