হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারাদেশে ৯৬৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।
এ সময়ের মধ্যে ১১১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নির্দিষ্ট সময়ের হিসেবে সন্দেহজনক হামে মোট ৫৬৮ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।