চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের মধ্যে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ককে চীন অগ্রাধিকার দেয়। তিনি নিরাপত্তা সমন্বয়, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনলাইন জুয়া, টেলিযোগাযোগ জালিয়াতি ও মাদক পাচারের মতো আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শি জিনপিং আরও বলেন, ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনে মিয়ানমারকে সহায়তা অব্যাহত রাখবে চীন। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রকল্পকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং বৈঠকে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রশংসা করেন এবং চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মিয়ানমার চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। একই সঙ্গে তিনি চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকের পর দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সংক্রান্ত একাধিক নথি স্বাক্ষরের সাক্ষী হন দুই নেতা। এর আগে শি জিনপিং মিন অং হ্লাইংয়ের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন।