গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার

একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।
তথ্যমন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি ভুয়া তথ্য ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে, যা জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়ন করে সরকারের কাছে জমা দেবে। সেই পরিকল্পনার ভিত্তিতেই পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করা হবে।