বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ

নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের বিভিন্ন মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

ভোক্তাদের সুরক্ষার কথা বিবেচনায় নির্দিষ্ট এসব পণ্য না কেনার জন্যও আহ্বান জানিয়েছে বিএসটিআই।

পরীক্ষায় মান বিচ্যুতি

বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা সংগ্রহ করা হয়। পরে সংস্থাটির নিজস্ব ল্যাবরেটরিতে এসব পণ্যের মান পরীক্ষা করা হয়।

পরীক্ষায় বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি ছাড়াও অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েলে নির্ধারিত মানের বিচ্যুতি পাওয়া যায়।

বিএসটিআই জানিয়েছে, এসব ঘি ও বাটার অয়েলে নির্ধারিত পরিমাণে মিল্ক ফ্যাটের পরিবর্তে পাম অলিন ও বনস্পতি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু ও স্যাপোনিফিকেশন ভ্যালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক প্যারামিটারেও ত্রুটি ধরা পড়েছে।

বম্বে সুইটসের পাঁচ মসলায় ত্রুটি

বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত পাঁচ ধরনের মসলার নির্দিষ্ট কিছু ব্যাচও পরীক্ষায় বিএসটিআইয়ের মানদণ্ড পূরণ করতে পারেনি।

এসব পণ্য হলো—হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা।

বিএসটিআইয়ের পরীক্ষায় এসব মসলায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মোট অ্যাশ (ছাই) ও লবণ পাওয়া গেছে।

লাইসেন্স বাতিলের বিষয়ে শোকজ

মান বজায় রাখতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা হিসেবে তাদের পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, পণ্যের নির্ধারিত মান বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।

তিনি ক্রেতাদের পণ্য কেনার সময় বিএসটিআইয়ের মানচিহ্ন, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং উপাদানের তথ্য যাচাই করার আহ্বান জানান।

কোনো পণ্যে ভেজাল বা প্রতারণার অভিযোগ থাকলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বরে অথবা ই-মেইলে অভিযোগ করার জন্যও ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন