বিএসএফের ফেলে যাওয়া দুই শর্টগান-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
কৃষকদের সঙ্গে বিরোধের পর অস্ত্র ফেলে যাওয়ার অভিযোগ
স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন গ্রামবাসী সেখানে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে সীমান্তের দিকে চলে যান বলে জানা গেছে।
পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ
ঘটনার পর বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে বাংলাদেশের অভ্যন্তর থেকে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।