আদানির বিদ্যুৎ চুক্তি দেশের জন্য বড় অর্থনৈতিক বোঝা: চিফ হুইপ

আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিকে দেশের স্বার্থবিরোধী ও বড় ধরনের অর্থনৈতিক বোঝা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এ চুক্তির কারণে বাংলাদেশকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। দীর্ঘমেয়াদি এই অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে সংসদীয় কমিটি, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দীর্ঘদিনের সমস্যা সমাধানে সময় প্রয়োজন। মাত্র ছয় মাসের মধ্যে একটি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতেও স্বাভাবিক পরিস্থিতিতে অন্তত দুই বছর সময় লাগে।
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বড় অবকাঠামোগত সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। এ জন্য জনগণকে ধৈর্য ধরতে হবে এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। অস্থিরতা তৈরি হলে এর ক্ষতি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর পড়তে পারে।
বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, বিগত সরকারের সময়ে করা কিছু চুক্তি দেশের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দায় তৈরি করেছে। এসব চুক্তিতে দায়মুক্তির ব্যবস্থা রাখা হয়েছিল, ফলে চুক্তিগুলো নিয়ে প্রশ্ন তোলার সুযোগও সীমিত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ পরিশোধের কারণে জনগণের অর্থের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে বিদ্যুৎ খাতের এসব চুক্তির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।