বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বৈধ পথে বাড়ছে প্রবাসী আয়, ২৪ দিনে ২৩৪ কোটি ডলার

বৈধ পথে বাড়ছে প্রবাসী আয়, ২৪ দিনে ২৩৪ কোটি ডলার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি অর্থনীতিতেও স্বস্তি ফিরছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২৪ দিনে দেশে ২৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৮ কোটি ডলার বা ২৫ দশমিক ৭ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে প্রবৃদ্ধির ধারা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স আসে। আগস্টের প্রথম ২৪ দিনের ২৩৪ কোটি ডলারসহ অর্থবছরের প্রথম ৫৫ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ৫২০ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৩৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ৫৫ দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৮৬ কোটি ডলার। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ শতাংশ।

অর্থনীতির জন্য রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ পথে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়। এতে আমদানি ব্যয় পরিশোধের সক্ষমতা বাড়ার পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। একই সঙ্গে হুন্ডির ব্যবহার কমলে দেশের বৈদেশিক মুদ্রার বাজার আরও স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হয়।

খাত সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা ধরে রাখতে ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি প্রবাসীদের জন্য বিদ্যমান সুবিধাগুলো কার্যকর রাখা প্রয়োজন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি দেখা যায়। জুলাই থেকে জুন পর্যন্ত ওই অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।

ফলে এক বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। এক অর্থবছরে এটিই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন