গোপনে মস্কো সফরে সিআইএ প্রধান, বৈঠকের খবর অস্বীকার ক্রেমলিনের

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত গোপনীয়তার মধ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর রাশিয়ায় এটি কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার সর্বোচ্চ পর্যায়ের সফর বলে ধারণা করা হচ্ছে।
সিবিএস নিউজ প্রথম এ সফরের খবর প্রকাশ করে। পরে অ্যাক্সিওসও এক মার্কিন কর্মকর্তার বরাতে র্যাটক্লিফের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করে। তবে সফরের উদ্দেশ্য এবং রাশিয়ায় তিনি কার সঙ্গে বৈঠক করেছেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে একটি সি-১৭ সামরিক বিমান লাটভিয়ার রিগা হয়ে মস্কোয় যায়। বিমানটি রিগা থেকে উড্ডয়নের কয়েক ঘণ্টার মধ্যে মস্কোয় অবতরণ করে। সেখানে প্রায় সাড়ে আট ঘণ্টা অবস্থানের পর বিমানটি ফিরে যায়।
র্যাটক্লিফের সফর নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগের অংশ হতে পারে। তবে চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধির সঙ্গে রাশিয়ার আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন।
পেসকভ বলেন, ‘না, এমন কোনো পরিকল্পনা নেই।’ মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক বিমান অবতরণের বিষয়েও তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।
ইউক্রেন যুদ্ধের মধ্যে রহস্যময় সফর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে এখনো দৃশ্যমান অগ্রগতি না আসা এবং দুই পক্ষের মধ্যে দূরপাল্লার হামলা বেড়ে যাওয়ার সময়েই র্যাটক্লিফের মস্কো সফরটি হলো।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময় ইউক্রেনকে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন। তবে র্যাটক্লিফের সফরের সঙ্গে এ উদ্যোগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এর আগে মস্কো গিয়েছিলেন উইলিয়াম বার্নস
সিআইএ পরিচালকের মস্কো সফর অত্যন্ত বিরল ঘটনা। এর আগে ২০২১ সালের নভেম্বরে তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়া সফর করেছিলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইউক্রেনে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন।
এর কয়েক সপ্তাহ পরই ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
সূত্র: উইয়ন নিউজ