২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

দেশে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। আগামী ২৮ জুন সারাদেশে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবার মোট ২ কোটি ৩৫ লাখেরও বেশি শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রস্তুতির বিষয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনূস আলী জানান, সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকশ মোবাইল কেন্দ্রের মাধ্যমে দুর্গম এলাকায়ও সেবা পৌঁছে দেওয়া হবে। প্রয়োজনীয় ক্যাপসুল ইতোমধ্যে আংশিকভাবে পৌঁছেছে এবং বাকি সরবরাহ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এবং ভিটামিন ‘এ’ ঘাটিজনিত অন্ধত্বসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১৯ কোটি শিশু ভিটামিন ‘এ’ ঘাটতির ঝুঁকিতে রয়েছে, যার অধিকাংশই উন্নয়নশীল দেশে বসবাস করে। এই ঘাটতি শিশুদের দৃষ্টিশক্তি দুর্বলতা, রাতকানা এমনকি চরম ক্ষেত্রে অন্ধত্বের কারণ হতে পারে।
বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে ভিটামিন ‘এ’ বিতরণ কার্যক্রম শুরু হয়, যা সময়ের সঙ্গে জাতীয় পর্যায়ে বিস্তৃত হয়ে বর্তমানে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ হিসেবে পরিচালিত হচ্ছে।