বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী চাপের মধ্যেও কেন চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান জি৭ সম্মেলনে মোদি–মেলোনির ‘মেলোডি’ রসিকতা, ইনস্টাগ্রাম জুটি নিয়ে হাস্যরস চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW শিক্ষার্থী ব্যাংক হিসাবে শীর্ষে ইসলামী ব্যাংক, দ্রুত বাড়ছে হিসাব ও আমানত
  • মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষ করে সেখান থেকেই সরাসরি চীন সফরে যাবেন। ২২ জুন রাতে তিনি ও তার সফরসঙ্গীরা মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

    সূত্র জানায়, সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণীসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল থাকছে। এতে পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বিডা’র নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবসহ কর্মকর্তারা অংশ নেবেন।

    সফরসূচি অনুযায়ী, ২৩ জুন প্রধানমন্ত্রী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন। এরপর ২৪ জুন বিকেলে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

    কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। একই দিনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে সরকারের প্রধানের।

    সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও নোট অব এক্সচেঞ্জ সইয়ের প্রস্তুতি চলছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

    সূত্র আরও জানায়, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও তথ্য যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে।

    বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফর আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে। এতে বাংলাদেশের বহুমুখী বৈদেশিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন