আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অমানবিক সেবার কারণে কিছু হাসপাতাল বন্ধ করা হয়েছে, তবে কোনো মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। শিক্ষার্থীরা অন্য হাসপাতালেও প্র্যাকটিস করতে পারবে বলে জানান তিনি।
সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ অনিয়ম করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, টিকাদান কর্মসূচিতে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যও অতিক্রম করেছে। তিনি বলেন, দেশে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং আগে থেকেই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, হামে আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে, তবে মৃত্যুহার বর্তমানে শূন্যের কাছাকাছি। টিকা প্রয়োগের পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন।
তামাক নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক শরীরের প্রায় সব অঙ্গের ক্ষতি করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলোচনা সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।