সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষের পথে: অ্যাটর্নি জেনারেল

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে অবহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২৬ এপ্রিল, ২০২৬) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে তদন্ত সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন। এ সময় আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় মঞ্জুর করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর হাইকোর্ট উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন এবং এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২২ এপ্রিল একই মামলায় আরও ৬ মাস সময় দেওয়া হয়।
২০২৪ সালের অক্টোবর মাসে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয় এমন একজন পুলিশ প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র্যাবের একজন প্রতিনিধি রাখা হয়।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত দ্রুত সম্পন্ন করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যা মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।