দর্শকের অপেক্ষার অবসান, মুক্তির পথে ‘মাইকেল’

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে। বক্স অফিসে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে সিনেমাটি। লায়ন্সগেট প্রযোজিত এই ছবিটি প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় প্রায় ৬৫ থেকে ৭০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু থিয়েটার বিশ্লেষকের মতে, চূড়ান্ত আয় ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দায়িত্বে আছে ইউনিভার্সাল। ৮২টি দেশে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও ৭৫ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করতে পারে। ফলে বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তেই মোট আয় দাঁড়াতে পারে প্রায় ১৪০ থেকে ১৫০ মিলিয়ন ডলার।
সিনেমাটির বাজেট দাঁড়িয়েছে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার, কারণ এতে রয়েছে ব্যয়বহুল মিউজিক রাইটস এবং বিশাল কনসার্ট পুনর্নির্মাণ। তবে পরবর্তী সময়ে আইনি জটিলতার কারণে সিনেমার শেষ অংশ পুনরায় শুট করতে হয়, যার ফলে ব্যয় আরও বেড়ে যায়।
পরিচালনায় আছেন অ্যান্টোইন ফুকা, যিনি ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য পরিচিত। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা ভাতিজা জাফর জ্যাকসন। এছাড়া তার বাবা-মায়ের চরিত্রে আছেন কোলম্যান ডোমিঙ্গো এবং নিয়া লং। প্রথমে সিনেমার গল্পে ১৯৯৩ সালের বিতর্কিত মামলার অংশ থাকলেও পরে সেটি বাদ দিয়ে ফোকাস করা হয়েছে মাইকেল ও তার বাবা জো জ্যাকসনের সম্পর্কের ওপর এবং ‘জ্যাকসনের ফাইভ’ ব্যান্ডের উত্থানকে কেন্দ্র করে।
এই সপ্তাহে বড় কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ‘মাইকেল’সহজেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির সফল হলে ভবিষ্যতে মাইকেল জ্যাকসনের জীবনের আরও অংশ নিয়ে সিক্যুয়েল আসতে পারে।
দৈএনকে/জে, আ