হামে উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জন আক্রান্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মারা যাওয়া শিশুদের মধ্যে একজন সিলেট বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত ১৩৯ দিনে হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং ৯৬ জনের ক্ষেত্রে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫৩৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে এক লাখ ২৯ হাজার ৬১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট এক লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ সাত হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং শিশুদের চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।