হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন মারা গেছেন।
একই সময়ে দেশে নতুন করে ১০৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৬০ জনে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ বছর মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে।