রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে এবং আইন অনুযায়ী যেকোনো সময় নির্বাচন আয়োজন করা সম্ভব।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো নির্বাচনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়নি।
তিনি জানান, স্পিকারের সঙ্গে পরবর্তী সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। এরপর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের কার্যালয় থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, সংসদ অধিবেশন চলমান থাকা বা না থাকা রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের সামনে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় সংসদীয় আসনসংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। অন্য কোনো আসন বা আঞ্চলিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।