ভিনিসিয়ুসকে পেতে রিয়ালকে বড় প্রস্তাব দিচ্ছে আর্সেনাল

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে আর্সেনাল। চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে পেতে স্প্যানিশ ক্লাবটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি।
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে বিবেচিত ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ শেষের পথে। তবে এখনো নতুন চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে নেওয়ার চেষ্টা করছে আর্সেনাল।
জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে শিগগিরই রিয়াল মাদ্রিদ ও তার প্রতিনিধিদের কাছে প্রস্তাব পাঠাবে আর্সেনাল। ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে হলে রিয়ালকে আরও উন্নত চুক্তির প্রস্তাব দিতে হবে।
এদিকে, ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে রিয়াল মাদ্রিদও। তবে ক্লাবটি কিলিয়ান এমবাপের সমপরিমাণ বেতন দিতে আগ্রহী নয়। ভিনিসিয়ুস অবশ্য এমবাপের কাছাকাছি পারিশ্রমিক পাওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, আর্সেনালের প্রস্তাব আর্থিকভাবে বেশি আকর্ষণীয় হলে ভিনিসিয়ুস নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। এ কারণেই দ্রুত চুক্তি নবায়নের চেষ্টা করছে রিয়াল।
তবে ভিনিসিয়ুসকে দলে নিতে হলে আর্সেনালকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে। তাকে কিনতে গেলে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি’র রেকর্ডও ভাঙতে হতে পারে। বর্তমানে এই রেকর্ডটি আলেকজান্ডার ইসাকের দখলে, যিনি প্রায় ১৫০ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দিয়েছেন।