পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। দেশটির সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি ঝুলে থাকলেও সফরটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের পরিবর্তে একটি ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে পূর্ণাঙ্গ সিরিজের পাশাপাশি সীমিত আকারের সিরিজ আয়োজনের সম্ভাবনাও বিবেচনায় এসেছে।
মূলত গত বছর ভারতের বাংলাদেশ সফরের সূচি থাকলেও ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করা হয়। পরে সেটি পিছিয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারণ করা হলেও এখনো আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি।
এ কারণে বিসিবি এখনো সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারেনি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
ভারত সফরে সম্মতি দিলে ম্যাচ আয়োজনের জন্য ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। এই পরিকল্পনার বিষয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডকে অবহিত করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রয়োজনে একটি ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজনেও রাজি রয়েছে বিসিবি। তবে তাদের প্রথম পছন্দ—একটি ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি এবং অন্য ভেন্যুতে তিনটি ওয়ানডে আয়োজন করা। একই সঙ্গে কেবল একটি ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ আয়োজনের বিকল্পও আলোচনায় রয়েছে।
এদিকে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে। কারণ বাংলাদেশ সফর শেষে ভারতীয় দলকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে যোগ দিতে হবে।