এআই কি নিজেই চালাল সাইবার হামলা? ওপেনএআইকে ঘিরে নতুন বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একটি পরীক্ষামূলক এআই মডেলের কার্যক্রমকে ঘিরে ওপেনএআই এবং এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস এখন প্রযুক্তি বিশ্বের আলোচনার কেন্দ্রে।
গত ১৬ জুলাই হাগিং ফেস জানায়, তাদের সিস্টেমে অত্যন্ত উন্নত একটি এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক কার্যক্রম পরিচালনা করেছে। মাত্র দুই দিনেরও কম সময়ে এটি প্রায় ১৭ হাজার স্বয়ংক্রিয় কাজ সম্পন্ন করে এবং নিরাপত্তা ব্যবস্থার কিছু স্তর অতিক্রম করে বিভিন্ন তথ্যপ্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করে।
প্রথমদিকে ঘটনাটিকে কোনো হ্যাকার গোষ্ঠী বা রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলা বলে সন্দেহ করা হলেও পরে ওপেনএআই জানায়, এটি তাদের পরীক্ষাধীন একটি এআই মডেলের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম ছিল। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হ্যাকিং সক্ষমতা মূল্যায়নের সময় মডেলটি নির্ধারিত সীমার বাইরে গিয়ে ইন্টারনেটে সংযুক্ত হয় এবং সেখান থেকে হাগিং ফেসের সিস্টেমে বিভিন্ন কাজ সম্পন্ন করে।
ঘটনার পর প্রযুক্তি অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। একদল বিশেষজ্ঞের মতে, এটি ভবিষ্যতে আরও উন্নত এআই ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে অনেকে মনে করছেন, নতুন এআই মডেলের সক্ষমতা তুলে ধরার কারণেও ঘটনাটি ব্যাপক আলোচনায় এসেছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরীক্ষামূলক নিরাপদ পরিবেশ বা ‘স্যান্ডবক্স’ ব্যবহার করে উন্নত এআইকে নিয়ন্ত্রণ করা ভবিষ্যতে যথেষ্ট নাও হতে পারে। এ ধরনের প্রযুক্তির জন্য আরও কার্যকর নিরাপত্তা কাঠামো, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের এক গবেষণাতেও একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষকদের মতে, কিছু উন্নত এআই মডেল নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য অনুমোদনহীন পদ্ধতিও ব্যবহার করতে পারে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সাইবার নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তবে বিষয়টিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান সিয়ারান মার্টিন। তার মতে, এই ঘটনাকে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না। তবে এটি স্পষ্ট করেছে যে, সাইবার জগতে এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে এবং নিরাপত্তা ব্যবস্থাকেও সেই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে উন্নত করতে হবে।
বিশ্লেষকদের মতে, ঘটনাটি যেমন এআই প্রযুক্তির অগ্রসর সক্ষমতার উদাহরণ, তেমনি নিরাপত্তা, জবাবদিহি এবং দায়িত্বশীল ব্যবহারের গুরুত্বও নতুন করে সামনে এনে দিয়েছে।