শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা, ডিজাইন ও কারুকাজের ধরন অনুযায়ী অতিরিক্ত মজুরি যুক্ত হবে।

সংগঠনটি আরও জানায়, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া পুরোনো অলঙ্কার কেনাবেচা বা এক্সচেঞ্জের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হবে।

এর আগে ২৮ জুলাই বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৯৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে রুপার দাম ৬০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে, যা বাজারে মূল্য ওঠানামার ধারাবাহিক প্রবণতারই প্রতিফলন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ