অবশেষে সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।
এর আগে ২০০৬ সালে তৎকালীন সরকারের সময় বগুড়া পৌরসভার পরিধি বাড়িয়ে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়। এতে পৌরসভার আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়। সে সময় থেকেই ভবিষ্যতে এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল।
তবে নানা প্রশাসনিক জটিলতায় সেই পরিকল্পনা দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে বিভিন্ন সময় স্থানীয় জনগণের পক্ষ থেকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেন। পরে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয়দের মতামত ও আপত্তি সংগ্রহ করা হয় এবং চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সচিব কমিটির বৈঠকে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবং বগুড়ার সার্বিক উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।