জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ জানালো বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বার্তায় সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানানো হচ্ছে। এর ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মজুত প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
এর আগে একই দিন রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নতুন মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত এই দামে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ নির্ধারিত দামে ডিজেল বিক্রি হচ্ছিল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে। তারও আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। তবে বিশ্ববাজারের অস্থিরতার কারণে এবার উল্লেখযোগ্য হারে মূল্য বৃদ্ধি করা হয়েছে।