বজ্রপাতে সুনামগঞ্জে প্রাণ গেল ৫ কৃষকের

সুনামগঞ্জের চারটি উপজেলায় বজ্রপাতে পাঁচজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে ঝড়বৃষ্টি শুরু হলে বিভিন্ন হাওরে ধান কাটার কাজে ব্যস্ত কৃষকরা বজ্রপাতের কবলে পড়েন।
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আবুল কালাম আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটতে গিয়ে নাজমুল হোসেন নিহত হন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ধর্মপাশার টগার হাওরে বজ্রপাতে হাবিবুর রহমান ও একই উপজেলার সরস্বতীপুর এলাকায় ধান শুকানোর সময় ১৫ বছর বয়সী রহমত উল্লা নিহত হন।
অন্যদিকে দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া মারা যান।
দিরাই থানার ওসি এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।