গত ৬০ দিনে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, গত দুই মাসে সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কারণে জনগণের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের বিগত ৬০ দিনের অগ্রগতি ও সাফল্য তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করছেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে নিজেকে যুক্ত রাখছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার ওপর নির্ভর না করে জনগণের কাছাকাছি থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ধারাবাহিক প্রচেষ্টা চলছে এবং জনগণের আস্থা অর্জন করাই বর্তমান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো জনকল্যাণমূলক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।