ফ্যামিলি কার্ড পেয়েছে কত পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০টি জেলায় ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাচ্ছে, যা নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। একইভাবে কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরাও নানা সুবিধা পাচ্ছেন।
মাহদী আমিন আরও জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদ মওকুফ করেছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।
তিনি বলেন, সরকারের যেকোনো উদ্যোগে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম ও নীতিমালা জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরাই তাদের মূল দায়িত্ব।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ দপ্তর ও নির্বাচনি এলাকার বিষয়ে নিয়মিত বক্তব্য দেবেন। সরকারের মুখপাত্র হিসেবে তারা মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরবেন।