মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করুন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় তাকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যের সময় সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করতে থাকলে প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই তাকে থামিয়ে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।”
এ মন্তব্যে উপস্থিত অতিথিদের মধ্যে হালকা হাস্যরসের সৃষ্টি হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী জবাবে বলেন, তিনি অতিরিক্ত প্রশংসা করেননি, বরং সীমিতভাবেই কথা বলেছেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সেবার মানোন্নয়নে পরিবর্তনের অংশ হতে হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতির আওতায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তাদের কাজের পরিবেশ উন্নত করাও সরকারের অগ্রাধিকার।
সম্মেলনে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করে জনগণের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে হবে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো আধুনিকায়নের কাজও চলমান থাকবে বলে জানান তিনি।