রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইনেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত। এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬-এর একটি সেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক দাতাদের সহায়তা কমে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং প্রয়োজনীয় অর্থায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষই তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যা আলোচনার সম্ভাবনার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট কোনো অমীমাংসিত সমস্যা নয়; বরং সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ ও ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে এর টেকসই সমাধান সম্ভব।