জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো খরচ নেই: দূতাবাস

জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা খরচের প্রয়োজন নেই বলে জানিয়েছে আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জর্ডানের স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) এক জরুরি সতর্ক বার্তায় প্রবাসীদের এই তথ্য জানানো হয়।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো কর্মীর হাতে বৈধ পাসপোর্ট থাকলে জর্ডানে চাকরির জন্য এক টাকাও খরচ হবে না। ঢাকার মেডিকেল পরীক্ষা, আসা-যাওয়ার বিমান টিকিট, থাকা-খাওয়া এবং চিকিৎসার যাবতীয় ব্যয়ভার নিয়োগকারী কোম্পানি বহন করবে। ফলে কোনো এজেন্ট বা দালালচক্র টাকা দাবি করা মানেই সেই নিয়োগ প্রক্রিয়া অবৈধ বা প্রতারণামূলক।
সতর্ক বার্তায় প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়, দালালদের হাতে টাকা তুলে দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট ভিসা যাচাই করে নিতে হবে। প্রয়োজনে এজেন্ট বা দালালদের পরিচয় দূতাবাসের মাধ্যমে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনোভাবেই প্রলোভনে পড়ে লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।
জর্ডানে কর্মসংস্থান প্রত্যাশীদের বৈধ প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণ বিনা খরচে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন।