সময়মতো টিকাদান না হওয়ায় আগের দুই সরকারের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় হামের টিকা কর্মসূচিতে অবহেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সময়মতো টিকা না দেওয়ার ফলে এটি একটি ‘অমার্জনীয় ব্যর্থতা’ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় টিকাদান ব্যবস্থার দুর্বলতার কারণে দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এতে বহু শিশুর মৃত্যু ঘটে। তবে বর্তমান সরকারের উদ্যোগে পরিস্থিতি উন্নত হয়েছে এবং অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনকে শুধু আনুষ্ঠানিকতা নয়, স্বাস্থ্যখাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য এবং এ ক্ষেত্রে প্রতিরোধমূলক চিকিৎসা বা ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর’ নীতি অনুসরণ করা হবে।
স্বাস্থ্যখাতে জিডিপির প্রায় ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা জোরদার, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া তিনি জানান, স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই নারী হবে।
দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে কর্মকর্তাদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে ধাপে ধাপে যুক্তরাজ্যের এনএইচএস মডেলের মতো করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতসহ সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।