এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার গুঞ্জন সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি এ ধরনের খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যেসব আলোচনা বা প্রচার চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তার ভাষায়, “এটা সম্পূর্ণ গুজব, এর কোনো সত্যতা নেই।”
তিনি আরও জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে, যার মধ্যে এনসিপিও ছিল। তবে এসব প্রস্তাবকে তিনি গুরুত্ব দেননি।
তার ভাষায়, বিএনপি ছাড়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন দল যোগাযোগ করে, এনসিপিও কিছুটা আগ্রহ দেখিয়েছে এবং দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু তিনি এসব প্রস্তাবে সাড়া দেননি।
সংসদে কথা বলার সুযোগ বাড়ানোর জন্য এনসিপিতে যোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, কেবল কথা বলার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। তার মতে, নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, কথা বলার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু রাজনৈতিক পরিচয় ও আদর্শ ধরে রাখাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।