ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া গ্রুপ ও পেজ খোলা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এসব প্ল্যাটফর্ম থেকে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি গ্রুপসহ আরও কিছু পেজ ও গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট প্রকাশ করা হচ্ছে। তবে এসবের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যারিস্টার কায়সার কামাল নিজে এ ধরনের কোনো ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এগুলো সম্পর্কে তিনি অবগত নন। তিনি শুধু তার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহার করেন।
এ ধরনের ভুয়া পেজ ও গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের তথ্যের ওপর আস্থা না রাখা এবং সেখানে কোনো ধরনের অংশগ্রহণ বা তথ্য শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত হলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।
এছাড়া এ ধরনের প্রতারণামূলক অনলাইন কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।