সংসদে জামায়াতের আচরণ ভালো: মন্তব্য স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জামায়াতে ইসলামীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, দলটি ভদ্র এবং সংসদে শৃঙ্খলাপূর্ণ আচরণ করে, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, দলীয় মতপার্থক্যের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।
জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি পুনরায় বলেন, তারা শৃঙ্খলাপূর্ণ ও ভদ্র আচরণের জন্য পরিচিত এবং সংসদে নিয়ম মেনে চলে। একসময় তারা বিএনপির মিত্র ছিল বলেও উল্লেখ করেন তিনি, এবং দুই দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
স্পিকার আরও বলেন, তিনি সংবর্ধনা গ্রহণের জন্য নয়, বরং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন। ভোলা-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, স্পিকারের পদে প্রশাসনিক ক্ষমতা সীমিত হলেও এর মর্যাদা অনেক বেশি, এবং তিনি জনগণের ভোটেই এ দায়িত্বে আসতে পেরেছেন।
এ সময় তিনি অতীত রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন প্রসঙ্গ টেনে বলেন, অন্যায়-অনিয়মের ফল একসময় ভোগ করতে হয়। পাশাপাশি ছাত্রসমাজের ভূমিকার প্রশংসা করেন তিনি এবং ভবিষ্যতে গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।