প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ বছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১১টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ ফ্লাইট উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটিতে ৪১৮ জন হজযাত্রী ছিলেন।
এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে পৌঁছে সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং যাত্রীদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া তিনি হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন এবং ক্যাম্পে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
পরে রাত ১১টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।