সিঙ্গাপুর-মালয়েশিয়া থেকে এলো ৩ জাহাজ ডিজেল-জেট ফুয়েল

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ জেট ফুয়েল (বিমানের জ্বালানি) ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিনটি বিদেশি জাহাজ। বর্তমানে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম পুরোদমে চলছে।
সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি জাহাজ সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে এসেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে জাহাজটি ডলফিন জেটি-৬-এ অবস্থান করে জ্বালানি খালাস করছে।
মালয়েশিয়া থেকে ডিজেলের দুই চালান
এদিকে মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে এসেছে আরও দুটি বড় জাহাজ। এর মধ্যে ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ জাহাজটি প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে বন্দরে পৌঁছেছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় (ছোট জাহাজে স্থানান্তর) এর জ্বালানি খালাস চলছে এবং আজ বুধবার দুপুরে জাহাজটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।
অন্যদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে অবস্থান করছে। ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করা এই জাহাজটি আজ বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে।
খালাস প্রক্রিয়া
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতাজনিত সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে অবস্থান করে কিছু তেল খালাস করে হালকা হয়। এরপর জাহাজগুলো জেটিতে ভিড়ে বাকি জ্বালানি খালাস করে। এই প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে জ্বালানি জাতীয় গ্রিডে যুক্ত করার চেষ্টা চলছে।