সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগের উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম চালুর বিষয়ে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এ ভাতার আওতায় আনার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ১২৯ জনকে ইতোমধ্যে ভাতা প্রদান করা হয়েছে।
এছাড়া তিনি জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব ইলিজিবিলিটির ভিত্তিতে ঋণ সুবিধা সহজ করা হয়েছে।