আন্দামান সাগরে ট্রলারডুবি, বাংলাদেশিদের খোঁজে তল্লাশি

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এ ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রলারটি। পথে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে এটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ফল।
বিবৃতিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যে চলমান সহিংসতা এবং অনিশ্চয়তার কারণে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ ক্রমেই কমে যাচ্ছে। একই সঙ্গে মানবিক সহায়তা হ্রাস, শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রায় বাধ্য করছে। পাচারকারীদের মিথ্যা প্রলোভনও এতে বড় ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাগুলো বলেছে, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা বাড়াতে হবে। পাশাপাশি এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন।
তারা সতর্ক করে জানায়, সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় আরও প্রাণহানি ঘটতে পারে।