বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আস্থার সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বিনিময় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (১৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক সম্মান, সমতা এবং সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি ও অর্থনৈতিকসহ বিভিন্ন খাত ঘনিষ্ঠভাবে জড়িত।
তিনি আরও বলেন, যেসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করলে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হবে, সেসব খাতে সহযোগিতা জোরদার করা হবে। ভবিষ্যতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।