বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। এ সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি প্রথমে বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খালে খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও স্বল্প বিরতি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন