বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে অসুস্থ ত্রাণমন্ত্রীকে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে অসুস্থ ত্রাণমন্ত্রীকে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয় বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

জানা যায়, দুই দিনের লালমনিরহাট জেলা সফরের উদ্দেশে সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী দুলু। বিমানবন্দর থেকে বের হয়ে ভিআইপি রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলাকালে হঠাৎ তিনি মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন।

পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সকালে একটি ফ্লাইটে সৈয়দপুরে এসে অসুস্থ মন্ত্রীকে দেখতে যান। চিকিৎসকদের পরামর্শে প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন