বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ধারণা মুছে দেব: বাণিজ্যমন্ত্রী

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ধারণা মুছে দেব: বাণিজ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রথা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়—এই ধারণাই বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাটে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন, ফলে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমদানিনির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পুরো সরবরাহ ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক মডেলের আওতায় আনা হবে, যাতে বাজার পর্যবেক্ষণ সহজ হয় এবং মূল্য অস্থিতিশীলতা কমে।

টিসিবির কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার প্রতিবছর টিসিবির জন্য বিপুল ভর্তুকি দিলেও তা আরও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে টিসিবির কার্যক্রম দেশের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে।

মন্ত্রী জানান, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারবেন বলে আশা করছে সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন